দুপুরে গরম গরম ভাত বা পোলাও এর সাথে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হলে কিন্তু জমবে বেশ। মজাদার এই দেশি খাবারটির রেসিপি জেনে রাখলে সময় মতো আপনিও রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখে নেয়া যাক মজাদার রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তৈরির পুরো প্রণালী। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে ।
[picture]
উপকরণ
- রুই বা কাতল মাছের মাথা ১ টি এবং এর সাথে কান, ঠোটা এবং লেজ - মুগ ডাল ১ কাপ - পেঁয়াজ কুঁচি ১ কাপ - আদা বাটা ১ চা চামচ - রসুন বাটা ১ চা চামচ - জিরা গুঁড়া ১ চা চামচ - ধনিয়া গুঁড়া আধা চা চামচ - মরিচ গুঁড়া আধা চা চামচ - হলুদ গুঁড়া ১ চা চামচ - তেজপাতা ২ টা - দারুচিনি ২ টুকরা - কাচা মরিচ ৪-৫ টা - লবণ স্বাদ মত - রসুন কুঁচি ১ টেবিল চামচ - আস্ত জিরা অল্প - তেল পরিমান মত
প্রণালী
( ১ ) প্রথমে মাছের মাথা কেটে ধুয়ে পরিমান মত লবন, গুঁড়া মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, আধা কাপ পেঁয়াজ আর কিছু তেল দিয়ে মাখিয়ে ১ কাপ পানি দিয়ে মাছ রান্না করে নিতে হবে ।
( ২ ) এরপর মুগডাল ভেঁজে ভালোভাবে ধুয়ে একটি পাতিলে দিন । এর মধ্যে কিছু হলুদ, তেজপাতা, দারুচিনি, লবন ও তেল দিয়ে আলাদা আধা সেদ্ধ করে নিন।
( ৩ ) এরপর এর মধ্যে রান্না করা মাছের মাথা সহ অন্য অংশগুলো দিয়ে দিন । কাচা মরিচ দিয়ে ভালো ভাবে নেড়ে মিশিয়ে দিন । মাথা আলতো ভাবে ভেঙ্গে দিন। ডাল সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে লবন দেখে নামিয়ে রাখুন ।
( ৪ ) অন্য একটি পাত্রে তেল গরম করে রসুন কুঁচি ও আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে ডাল দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন ।
ছবি - ইউটিউব ডট কম
রেসিপি - আফরুজা শিল্পী







