বিয়ের অনুষ্ঠানে আমরা যে মুরগির রোস্ট খেয়ে থাকি তা একটু বেশিই মজা হয়ে থাকে । দেখে নিন, সেই মজাদার চিকেন রোস্টের সবচেয়ে সহজ রেসিপি । পোলাও, বিরিয়ানী বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু চিকেন রোস্ট । এই উপকরণে ৬-৮ জন কে পরিবেশন করা যাবে ।
[picture]
- মুরগির লেগ পিস বা রান ৬-৮ টি - টক দই আধা কাপ - পেয়াজ বাটা ১ টেবিল চামচ - কাঁচামরিচ বাটা ১ চা চামচ- আদা ২ চা চামচ - রসুন দেড় চা চামচ - ধনিয়া গুঁড়া আধা চা চামচ - জিরা গুঁড়া ১ চা চামচ - বেরেস্তার জন্য কাটা পেয়াজ ১ কাপ - কাঁচা মরিচ ৫-৬ টি - বাদাম বাটা ১ টেবিল চামচ - গোল মরিচ গুঁড়া সামান্য - অালু বোখারা ২ টা - জায়ফল সামান্য - জয়ত্রী সামান্য - দারুচিনি ২-৩ টুকরা - সাদা এলাচ ৪ টা - জর্দার রং সামান্য - লবন পরিমান মতো - চিনি ১ চা চামচ - ঘি ১ কাপ - মাওয়া ১ টেবিল চামচ - লেবুর রস ১ চা চামচ - কিসমিস অল্প
[picture]
প্রণালী
( ১ ) প্রথমে মুরগির পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিতে হবে ।
( ২ ) এরপর ধুয়ে রাখা মুরগির পিসগুলোর সাথে টক দই, আদা, রসুন, ধনে, জিরা, লেবুর রস ও লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ঘন্টা খানেক ঢেকে রেখে দিতে হবে ।
( ৩ ) এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে । অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে মুরগির পিসগুলো মাখানো মসলা থেকে ঝেড়ে তুলে মাঝারি আঁচে অল্প ভেজে নিতে হবে ।
( ৪ ) ভাজা হয়ে গেলে এর সাথে পেয়াজ, কাচামরিচ বাটা, বাটিতে থাকা মাখানো মসলা গুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে । এবার পেয়াজ বেরেস্তা, চিনি, আলুবাখারা, কিসমিস, মাওয়া এবং কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে নেড়ে দিতে হবে । অল্প আঁচে রান্না করতে হবে ।
( ৫ ) প্রয়োজনে ১ কাপ গরম পানি দিতে হবে । মাংস সিদ্ধ হয়ে আসলে পেয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিসমিস এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে আরো ২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।
( ৬ ) রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে মাওয়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন ।
ছবি ও রেসিপি - আফরুজা শিল্পী







