SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

কেমন লিপস্টিক মানাবে আপনার ঠোঁটে?

কেমন লিপস্টিক মানাবে আপনার ঠোঁটে?

সেই ৫০০০ বছর আগে ব্যাবিলনে মেসোপটেমিয়ান নারীরা প্রথম ঠোঁটে রঞ্জক পদার্থ ব্যবহার করা শুরু করে । সেই প্রচলন থেকেই আজকের লিপস্টিক ! এখনও লিপস্টিকের প্রতি নারীদের মোহ সেই আগের মতই অটুট আছে । ঠোঁট রাঙ্গানোর আগে তাই জেনে নিন কোন লিপ্সটিক শেডটি আপনার ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ ।

 

রঙ বাছাই করার আগে

জনপ্রিয় মেইক-আপ আর্টিস্ট ববি ব্রাউনের মতে, লিপস্টিকের শেড বাছাই করা উচিৎ আপনার ঠোঁটের প্রাকৃতিক রঙের সাথে সামঞ্জস্য রেখেই । অর্থাৎ, আপনার ঠোঁট যদি হয় ফ্যাকাশে, তবে লিপ্সটিক হিসেবে বাছাই করুন বিজ (হলদে-বাদামী), স্বচ্ছ অথবা হালকা গোলাপীর মতো শেডগুলো । গাঢ় বর্ণের ঠোঁটের জন্য বেছে নিন গাঢ় লাল, মেরুন, বারগ্যান্ডি, কফি ইত্যাদি উজ্জ্বল ও গাঢ় শেড । আর মিশ্র অর্থাৎ, না ফ্যাকাশে, না গাঢ় - এমন বর্ণের ঠোঁটের জন্য বাছাই করুন বাদামী, হালকা ম্যাজেন্ডা, মভ - এই শেডগুলো ।

গায়ের রঙের সাথেও মিলিয়ে নিন

আপনার লিপ্সটিক আপনার ত্বককে ভুলভাবে উপস্থাপন করতেই পারে, যদি তা সামঞ্জস্যপূর্ণ না হয় ত্বকের সাথে । টকটকে ফর্সা ত্বকে বাদামী-কমলা শেড যেমন অদ্ভুত দেখাবে, তেমনি শ্যামলা ত্বকেও হালকা গোলাপী খুব ভাল দেখাবে না ।

প্রত্যেকের স্কিন টোনেই একটা বিশেষত্ব থাকে । যেমন, শ্যামলা ত্বকে একটা হলদেটে বাদামী আভা থাকে, তেমনি ফর্সা ত্বকেও একটা গোলাপী আভা থাকে । আর এই আভাই হচ্ছে এক একটা ত্বকের ইউনিক পয়েন্ট । কাজেই আপনি যখন গায়ের রংকে প্রাধান্য দিয়ে লিপস্টিকের শেড বাছাই করবেন, স্বভাবতই আপনার গায়ের রঙই আপনাকে আরও মোহনীয় করে তুলবে !

রূপ বিশেষজ্ঞদের ভাষায় ত্বকের দুটো প্রকারভেদ আছে । একটিকে বলা হয় Warm Skin এবং অন্যটি হচ্ছে Cool Skin । কি দ্বিধায় পড়ে গেলেন তো ? চলুন তবে দেখে নেয়া যাক আপনার ত্বক Warm  না Cool ।

০১। আপনাকে রূপার গহনায় বেশি ভালো লাগে নাকি সোনার গহনায় ? যেটা আপনার রূপকে খুলে দেয়, সেটাই আপনার ত্বককে ভালভাবে সংজ্ঞায়িত করে । কারণ, Warm  Skin  এর জন্য সোনার গহনাই পারফেক্ট আর Cool Skin  এ রূপার গহনা ।

০২। রূপ বিশেষজ্ঞ লিসা এল্ড্রিজের মতে, আপনার দেহের ভেতরের রঙ অর্থাৎ পোশাকের ভেতরে থাকা অংশের রঙ দেখেও কিন্তু আপনি আপনার ত্বকের Warmness ও Coolness বিচার করতে পারেন । ত্বক যদি হয় ফ্যাকাশে এবং ত্বকের ওপর দিয়ে যদি আপনার নীল ধমনীগুলো স্পষ্ট দেখা যায়, তবে আপনার ত্বক Cool । আর ধমনী অস্পষ্টভাবে দেখা গেলে, আপনি Warm ত্বকের অধিকারী ।

০৩। ত্বকবিশেষজ্ঞের সাহায্য নিয়েও কিন্তু আপনি আপনার ত্বকের ধরণ নির্ণয় করে নিতে পারেন ।

 

এরপর কী করবেন ?

ত্বকের ধরণ জেনে নিলেন তো ? এবার তাহলে লিপ্সটিকে তা প্রয়োগ করুন । Warm ত্বকের জন্য বেছে নিন উজ্জ্বল শেড যেমন, কমলা, কফি, ক্যারামেল, সোনালি অথবা ব্রোঞ্জ আভাযুক্ত বাদামী ইত্যাদি । আর Cool ত্বকের জন্য বেছে নিন হালকা ও মিষ্টি রঙগুলোকে, যেমন হালকা গোলাপী, লালচে গোলাপী, চুনিলাল, গোলাপী আভাযুক্ত বিজ ইত্যাদি শেড ।

পরীক্ষা করুন কেনার আগে

লিপ্সটিক কেনার আগে সেই চিরাচরিত নিয়মে একবার পরীক্ষা করে নিন । আঙ্গুলের ডগায় অথবা হাতের কব্জির কাছাকাছি একটু লিপ্সটিক মেখে নিয়ে দেখতে পারেন শেডটি আপনার ত্বকের সাথে মানানসই কি না । কারণ, হাতের এই স্থানগুলোর বর্ণ আপনার ঠোঁটের বর্ণের কাছাকাছি । অথবা সম্ভব হলে একটি কটন বাডে কিছুটা লিপ্সটিক লাগিয়ে ঠোঁটেই মেখে দেখতে পারেন । এতে করে শেডের পাশাপাশি লিপস্টিকের বিন্যাসটাও বোঝা যাবে, যেমন ম্যাট, গ্লসি, শিমারি, শিয়ার ইত্যাদি । সাধারণত, ম্যাট লিপ্সটিকে ঠোঁটকে পাতলা দেখায় আর গ্লসি ও শিমারি লিপ্সটিকে ঠোঁটকে ভরাট দেখায় ।

এবার তাহলে বেরিয়ে পড়ুন পছন্দের লিপস্টিকটি বাগিয়ে নিতে । হ্যাপি শপিং !

লিখেছেনঃ নুজহাত

Select Category
Sort Posts